খেলাধুলা

প্রিটোরিয়াস-শামসি ১৪২ রানে গুটিয়ে দিলেন শ্রীলঙ্কাকে

ডোয়াইন প্রিটোরিয়াসের পেস আর তাবরাইজ শামসির স্পিনে কোনো উইকেট বাঁচাতে পারল না শ্রীলঙ্কা। ২০ ওভারে ১৪২ রানে গুটিয়ে গেছে তারা। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১৪৩ রান।

শারজায় দক্ষিণ আফ্রিকা টস জিতে ফিল্ডিং নেয়। শ্রীলঙ্কা আগে ব্যাট করে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করে। ১০ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৬৭ রান। পাথুম নিশানকা হাফ সেঞ্চুরিতে দলের ইনিংস বড় করার পথে ছিলেন। কিন্তু প্রিটোরিয়াসের পেসে ভেঙে যায় সব প্রতিরোধ। শেষ ১১ বলে ১১ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় লঙ্কানরা।  

কুশল পেরেরা ও নিশানকার জুটি ছিল মাত্র ২০ রানের। চতুর্থ ওভারে ৭ রান করে কুশল বোল্ড হন আনরিখ নর্টিয়ের বলে।

তারপর দারুণ জুটির আভাস দেন নিশানকা ও চারিথ আসালানকা। ৪১ রানের বেশি যোগ করতে পারেননি তারা দুজন মিলে। নবম ওভারে আসালানকা ডাবলস নিতে গিয়ে রান আউট হন। ডিপ থেকে কাগিসো রাবাদার দারুণ থ্রোয়ে লঙ্কান ব্যাটসম্যান আসার আগেই স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার কুইন্টন ডি কক। ১৪ বলে ২ চার ও ১ ছয়ে ২১ রান করেন আসালানকা।

পরের ওভারে ভানুকা রাজাপাকসা ৩ বল খেলে খালি হাতে ফেরেন শামসিকে ফিরতি ক্যাচ দিয়ে। প্রোটিয়া স্পিনার তার পরের দুই ওভারে আভিষ্কা ফার্নান্ডো (৩) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (৪) ফেরান। দাসুন শানাকা দুটি চার মেরে ঝড় তোলার আভাস দিলেও প্রিটোরিয়াসের প্রথম শিকার হন। অধিনায়ক করেন ১২ বলে ১১ রান। একপ্রান্ত আগলে রেখে ফিফটি করা নিশানকা উপযুক্ত সঙ্গ পাননি। ১৯তম ওভারে প্রিটোরিয়াস তাকেসহ চামিকা করুণারত্নের (৫) উইকেট নেন। নিশানকা ৫৮ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭২ রান করেন।

শেষ ওভারের শেষ দুটি বলে নর্টিয়ের কাছে বোল্ড হন দুষ্মন্ত চামিরা ও রান আউট লাহিরু কুমারা।

প্রিটোরিয়াস-শামসি দুজনেই তিনটি করে উইকেট পেয়েছেন ১৭ রান দিয়ে। শামসির চেয়ে এক ওভার কম করেছেন প্রিটোরিয়াস।