বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো ২ নভেম্বর (মঙ্গলবার) খুলে দেওয়া হচ্ছে। এছাড়া আগামী ১১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টিতে সশরীর ক্লাস শুরু হবে।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডেকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আলী জানান, আগামী ২ নভেম্বর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ১১ নভেম্বর শিক্ষার্থীদের সশরীর ক্লাস শুরু হবে। যদি কোনো শিক্ষক চান তবে তিনি অনলাইনেও ক্লাস নিতে পারবেন।
তিনি আরো জানান, কিছু শর্ত পূরণ করে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। শর্তগুলো হলো- স্বাস্থ্যবিধি মানতে হবে, অবশ্যই শিক্ষার্থীদের হলের আবাসিক ছাত্র হতে হবে এবং কোভিড-১৯-এর এক ডোজ টিকা গ্রহণের সনদ কর্তৃপক্ষকে দেখাতে হবে।
তিনি আরো জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।