ডেস্ক রিপোর্টঢাকা, ২৮ মার্চ : ভারতীয় বিমানবাহিনীর একটি পরিবহণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজন ক্রু নিহত হয়েছেন।
শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বিমানঘাঁটি থেকে ৭২ কিলোমিটির দূরে সি-১৩০জে বিমানটি বিধ্বস্ত হয়।
তবে এতে কতজন বিমান কর্মকর্তা ছিলেন, সে সম্পর্কে এখনো মুখ খোলেনি ভারতীয় বিমান কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
চার ইঞ্জিনবিশিষ্ট বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি। প্রশিক্ষণে থাকা অবস্থায় পাইলটদের নিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়লে ওই পাঁচজন নিহত হন। ঘটনাস্থলটি গোয়ালিয়র থেকে ৭২ কিলোমিটার দূরে হলেও রাজস্থানের কারাউলি জেলার কাছে। দুর্ঘটনার পরে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
বিমানবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাটি অদ্ভুত মনে হয়েছে। কারণ এটি কারিগরি ও প্রযুক্তিগতভাবে পরীক্ষিত। তবে আগুন লেগে অথবা পাইলটদের অদক্ষতার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে তার ধারণা।বিমানটি ২০১১ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিমানে যুক্ত হয়। এ পর্যন্ত ছয়বার এটিকে পরিবহণকাজে ব্যবহার করা হয়েছে। সি-১৩০জে বিমানটি যুক্তরাষ্ট্রে ১৯৫০ সালের দিকে সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হতো।
১৯৮৮ সালের আগস্টে দক্ষিণ এশিয়ায় সর্বশেষ সি-১৩০জের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। তাতে পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল নিহত হন।
রাইজিংবিডি/শামসুল/রাসেল পারভেজ/ক.কর্মকার