‘বানান আন্দোলন সাহিত্য পুরস্কার’ ঘোষণা করেছে বাংলা ভাষা শিক্ষার অনলাইন প্ল্যাটফর্ম ‘বানান আন্দোলন’। কবিতা ক্যাটাগরিতে এ বছর পুরস্কার পেয়েছেন কবি অরিত্র দাস। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখেন। তাঁর উল্লেখযোগ্য বই দীপালি (উপন্যাস), সম্পর্কের সুতোয় (উপন্যাস) এবং প্রতিক্রিয়া (প্রবন্ধগ্রন্থ)।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কবি, নাট্যকার, সম্পাদক ও বাচিক শিল্পী আরণ্যক বসু পুরস্কারজয়ী অরিত্র দাসের নাম ঘোষণা করেন। এ সময় আরণ্যক বসু বলেন, ‘আপনাদের কলম একটি সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলতে ভূমিকা পালন করবে তাই আপনাদের কলম যেন কখনো না থামে। বাংলা সাহিত্যে আপনাদের এ পথ চলা মঙ্গলময় হোক, কল্যাণকর হোক। আপনাদের সুদীর্ঘ সাহিত্যজীবন কামনা করছি।’
অরিত্র দাস বলেন, ‘পুরস্কার সবসময়ই আনন্দের একটি মাধ্যম। এটি একটি উৎসাহ এবং একটি ভালো অনুভূতি তৈরি করে, যা নতুন সৃষ্টিশীলতার নৈপুণ্যে বিশাল ভূমিকা পালন করে থাকে, জল যেমন বৃক্ষের বেড়ে ওঠায় সহায়তা করে থাকে। আর এ পুরষ্কার ঘোষণা যদি হয় পছন্দের শ্রদ্ধাভাজন কবির মাধ্যমে তবে তো ভালো লাগার অনুভূতি দ্বিগুণ হয়ে যায়। শ্রদ্ধেয় কবি আরণ্যক বসুর কণ্ঠে আমার নামটি শুনে সত্যিই খুব উচ্ছ্বসিত। 'বানান আন্দোলন' পরিবারের প্রতি সতত শুভকামনা রইলো।’
উল্লেখ্য, এ বছর তিনটি ক্যাটাগরিতে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। কবিতা ক্যাটাগরিতে ‘জলে ভেসে যায় জল’ কাব্যগ্রন্থের জন্য অরিত্র দাস নির্বাচিত হন। ছোটোগল্প ক্যাটাগরিতে ‘কিস্সাপূরণ’ গ্রন্থের জন্য কিঙ্কর আহ্সান এবং উপন্যাস ক্যাটাগরিতে ‘এক জীবনে অনেক জীবন’ উপন্যাসের জন্য ফারজানা ইসলাম এ পুরস্কারে ভূষিত হয়েছেন।