তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশিই থাকে। ২০২১ সালে বেশ কয়েকজন তারকা অভিনেতা-অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে এদের অধিকাংশই দ্বিতীয় এবং তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। এমন কিছু বিয়ের খবর নিয়ে এই প্রতিবেদন।
মাহিয়া মাহি
বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার ভাঙা এবং বিয়ে নিয়ে বছরজুড়েই তিনি আলোচনায় ছিলেন। চলতি বছর তৃতীয় বিয়ের খবর দেন এই নায়িকা। গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে ফেইসবুকে রাকিব সরকারের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানান মাহি। রাকিব সরকার ব্যবসায়ী ও গাজীপুরের এক রাজনীতিক পরিবারের সন্তান। এর আগে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২৪ মে বিচ্ছেদের খবর জানান দুজন। এরও আগে ২০১৫ সালের ১৫ মে শাওনকে বিয়ে করেন মাহি। ২০১৬ সালে অপুকে বিয়ের পর শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনায় উঠে আসে।
তামান্না
শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’ সিনেমায় নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান তামান্না। ক্যারিয়ারের মধ্যগগণে থাকতেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে সুইডেনে পাড়ি জমান তিনি। গত ২৬ নভেম্বর বিয়ে করেছেন এই নায়িকা। স্বামী গুজরাটি মুসলিম, সুইডেনে বসবাসরত ব্যবসায়ী মোহাম্মদ দাইয়া। এটি তামান্নার দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় এক সাংবাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ওই সংসারে দুজন সন্তান রয়েছে।
নাজমুন মুনিরা ন্যানসি
চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে তৃতীয়বার বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন তিনি। গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয়। ন্যানসি এর আগে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। তারও আগে ২০০৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে তাদের বিচ্ছেদ হয়।
জিয়াউল ফারুক অপূর্ব
চলতি বছর ২ সেপ্টেম্বর অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ান। এটি অপূর্বর তৃতীয় আর শাম্মার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি। এই দম্পতির ‘আয়াশ’ নামে একটি পুত্র সন্তান রয়েছে। এর আগে, ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন অপূর্ব। যদিও পরের বছরের ফেব্রুয়ারিতেই তাদের ডিভোর্স হয়।