শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বুধবার (২৯ ডিসেম্বর) থেকে তিন দিনব্যাপী জয়নুল উৎসব শুরু হয়েছে। উৎসব চলবে শুক্রবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত।
জয়নুল উৎসব ও সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিন নিসার হোসেন অতি অল্প সময়ের মধ্যে এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য চারুকলা অনুষদকে ধন্যবাদ জানান। আয়োজনে সহযোগিতার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, চারুকলা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন। জয়নুল সম্মাননা পাওয়া সবাইকে অভিনন্দন জানাই। পাশাপাশি শিল্পাচার্য জয়নুলের কর্মকাণ্ড, তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই সম্মাননা প্রদান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। জয়নুল আবেদীনের ১০৭ তম জন্মদিনে তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
প্রতি বছর জয়নুল আবেদীনের জন্মদিনকে ঘিরে এই সম্মাননা প্রদান ও উৎসবের আয়োজন করা হয়। গত বছর করোনার কারণে ভার্চুয়ালি উৎসব পালন করা হলেও সম্মাননা তুলে দেওয়া সম্ভব হয়নি। তাই এ বছর ২০২০ এবং ২০২১ সালের সম্মাননা এক সঙ্গে প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর দুজনকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ জয়নুল সম্মাননা প্রদান করা হয়। একজন বিদেশি এবং একজন দেশি। ২০২০ সালের সম্মাননাপ্রাপ্ত দুজন হচ্ছেন, জাপানি শিল্পী সিরোকি তোশি ইউকি। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন, শিল্পী শেখ আফজাল হোসেন। শিল্পী আবুল বারক আলভী নিজে তার ২০২০ সালের সম্মাননা গ্রহণ করেন।
২০২১ সালের সম্মাননাপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আব্দুস শাকুর শাহ ঢাবি উপাচার্যের হাত থেকে তার সম্মাননা গ্রহণ করেন। আরেক সম্মাননা প্রাপ্ত শিল্পী ভারতের বিশ্বভারতীর অধ্যাপক আর. শিবকুমার।
তিনি উপস্থিত না থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন, শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান সঞ্জয় চক্রবর্তী।
সম্মাননা প্রদান শেষে তিন দিনব্যাপী জয়নুল উৎসব ২০২১ এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সামাদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মনসুর আহমেদ, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছেলে খায়রুল আবেদীনসহ চারুকলা অনুষদের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।