সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে হামলায় আহত রাইজিংবিডির প্রতিনিধিসহ ৪ সাংবাদিক

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারকালে সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেলসহ চার সাংবাদিক।

অপর তিনজন হলেন—ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলার প্রতিনিধি সোহেল ও ঢাকামেইলের প্রতিনিধি মিলু। 

শনিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে সাংবাদিকদের ওপর এ হামলা হয়।

মঈনুদ্দীন তালুকদার হিমেলের ভাগ্নে ও দৈনিক ‘ঊষার বাণী’র ঠাকুরগাঁও প্রতিনিধি জাহিদ হাসান মিলু এ তথ্য জানিয়েছেন।

শনিবার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নবেল কুমার সিংহ এবং স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিকরা। তখন নবেল কুমার সিংহের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা।

মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মুখোমুখি অবস্থানের খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি সেখানে উত্তেজনা বিরাজ করছে। এ সময় ছবি তুলতে গেলে নোবেল কুমার সিংহের সমর্থকরা অতর্কিতে আমাদের উপর হামলা করে। হামলায় অংশ নেওয়া প্রত্যেকের হাতে লাঠি ছিল। মলানমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু তিনি হামলাকারীদের নিবৃত্ত করেননি। পরে এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

না হলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো বলে জানান হামলায় আহত সাংবাদিক হিমেল। পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নেন বলেও জানান তিনি। 

উল্লেখ্য আগামী ৭ ফেব্রুয়ারি সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।