রাজধানী মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী লিমিটেডের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোরের মৃত্যুর মামলায় বাসচালক মো. মনির হোসেন ও মো. ইমরানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর আবুল খায়ের দুই দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৬ জানুয়ারি এ দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরআগে ২৫ জানুয়ারি রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
জানা যায়, গত ২০ জানুয়ারি বিকেল ৫টার দিকে মগবাজার মোড়ে কে আগে আসতে পারে সেজন্য আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে রেষারেষিতে জড়ায়। বাস দুটি মগবাজার মোড়ে এসে সমান্তরাল হয়। এসময় বেপরোয়া বাস দুটির মাঝখানে পড়ে যায় রাকিব।
এক পর্যায়ে গাড়ি দুটির চাপায় পিষ্ট হয় সে। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাকিবের বাবা নুরুল ইসলাম ওইদিন রাতেই রমনা থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন।