সারা বাংলা

দেড় কিলোমিটার সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

ঝালকাঠির রাজাপুরের উপজেলা সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালি গ্রামের ফকিরহাট থেকে নতুন হাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের রাস্তায় ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবহনসহ স্থানীয় লোকজন। প্রতিনিয়তই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। ফলে দুর্ভোগে পড়েছেন ৫ গ্রামের বাসিন্দারা

মো. আজিজুল হাওলাদার ও রুহুল আমিন হাওলাদারসহ একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সড়কটি ছোটবড় গর্তে ভরে গেছে। এতে ছোট কৈবর্তখালি, চর গালুয়া, নিজ গালুয়া ও জীবনদাসকাঠিসহ পাঁচটি গ্রামের প্রায় চার সহস্রাধিক মানুষ চলচলের ক্ষেত্রে দুর্ভোগের মধ্যে পড়ছেন। ২০১৬ সালে সড়কটি একবার মেরামত করা হলেও এরপর আর কোনো কাজ করা হয়নি। সড়কটি দিয়ে মোটরসাইকেল, রিক্সা, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সসহ অন্য যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ফলে জরুরি সময় বিশেষ করে কোনো রোগীকে হাসপাতালে নিতে এলাকাবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এছাড়াও ছোট কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সুলতান আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিকে মাধ্যমিক বিদ্যালয়, জীবনদাসকাঠি দাখিল মাদরাসা ও জীবনদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অধিকাংশই এই সড়ক দিয়ে যাওয়া-আসা করে। দুর্ঘটনার আশঙ্কায় স্কুল যাওয়া ছাত্র ছাত্রীরা রিক্সা ও ইজিবাইকে না উঠে পায় হেটেই কষ্টকরে বিদ্যালয় যাচ্ছে। 

এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, ‘সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানার পর সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’