শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআইয়ের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্কর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯৯ শতাংশ বেড়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.৭৭ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস ২.৭৪ টাকা বা ৯৯ শতাংশ বেড়েছে।
এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১.৪৪ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস ০.৬৬ টাকা বা ৪৬ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪০.৬৪ টাকায়।