সারা বাংলা

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

এর আগে সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কর্মবিরতি শুরু করে টঙ্গীর বাদাম এলাকার এ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা নৌকায় করে তুরাগ নদী পার হয়ে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান,  সকালে সুপ্রভ স্পিনিং মিলস লিমিডেটের ৮০০ শ্রমিক ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় কর্মবিরতি পালন শুরু করে। পরে তারা নৌকায় করে তুরাগ নদী পার হয়ে টঙ্গী-আশুলিয়া ধউর ব্রিজ এলাকার সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে শ্রমিকদের বুঝিয়ে এবং ১০/১৫ জনের একটি প্রতিনিধিদল নিয়ে কারখানায় যাই। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বেতনের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর সাড়ে ১২ টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। 

তিনি আরো জানান, বর্তমানে শ্রমিকরা কারখানায় অবস্থান করছেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

পোশাক কারখানাটির শ্রমিক রহমান বলেন, ৮০০ শ্রমিকের ডিসেম্বর মাসের বেতন বকেয়া আছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও বেতন দেয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। মালিক পক্ষ টাকা নিয়ে আসছে। আজকেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।