ষষ্ঠ ধাপে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদেরই জয়ের পাল্লা ভারি। এখানে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নৌকার ২ জন, জাপা ১ জন ও স্বতন্ত্র থেকে ৫ জন।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন জেলার বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ তোফাজ্জল হক (ঘোড়া), ২নং পুটিজুরী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুদ্দত আলী (নৌকা), ৩নং সাতকাপন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রেজ্জাক (আনারস), বাহুবল সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন চৌধুরী (ঘোড়া), ৫নং লামাতাসী ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আ ফ ম উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল), ৬নং মিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শামিম আহমেদ (চশমা), ৭ নং ভাদেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান (নৌকা) ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. বুলবুল খান (আনারস)।
ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলির নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেন। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।