ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ডিজিটাল বাংলাদেশ ব্র্যান্ডিংকে সামনে রেখে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ‘ডুয়েট কম্পিউটার সোসাইটি’র উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ডুয়েটের ভার্চুয়াল ক্লাসরুমে এই অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা হয়।
এ ছাড়াও, প্রোগ্রামিং কনটেস্ট ডুয়েটের চারটি ল্যাবে, প্রজেক্ট এক্সভিশনটি পুরাতন একাডেমিক ভবনে এবং আইসিটি অলিম্পিয়াড কনটেস্টটি সৈয়দ নজরুল ইসলাম ভবনে হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. নজরুল ইসলামসহ অনেকেই। সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর মোহাম্মদ শফিকুল ইসলাম। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজিত ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইডিপিসি-২০২২) উদ্বোধনের পর একসাথে প্রোগ্রামিং কনটেষ্ট এবং প্রজেক্ট প্রদর্শনী হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হবে আগামী ৩ মার্চ। প্রজেক্ট প্রদর্শনীর ১০টি টিম, প্রোগ্রামিং কনটেস্টে ৮১ জন, আইসিটি অলিম্পিয়াডে ১২০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন ছাত্র একজন, রানারআপ দুজন, ছাত্রীদের মধ্যে শুধু একজন, প্রজেক্ট প্রদর্শনীতে একটি টিম চ্যাম্পিয়ন একটি রানারআপ ঘোষণা করা হবে। আইসিটি অলিম্পিয়াডে একজন চ্যাম্পিয়ন এবং দুজনকে রানারআপ করা হবে। প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন কম্পিউটার সোসাইটির সভাপতি রবিউল ইসলাম এবং কার্যকরী পরিষদের সদস্যরা।
এবিষয়ে সিএসই বিভাগের প্রধান ও অনুষ্ঠানের চেয়ারপার্সন অধ্যাপক ড. ওবায়দুর রহমান বলেন, আমাদের এই কনটেস্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তিখাতে অবদানের জন্য উৎসাহ পাবে।