খেলাধুলা

প্রথম বিশ্বকাপ স্মরণীয় করতে চায় বাংলাদেশ

বিশ্বমঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন সব খেলোয়াড়রা। এক্ষেত্রে ব্যতিক্রম নয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়ে নিগার সুলতানার দল এখন রঙিন স্বপ্ন বুনছে। নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জিতে বছরের শুরুতে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলার ছেলেরা, এবার বিশ্বকাপে কিছু করার সুযোগ মেয়েদের সামনে।

এই সুযোগ হাতাছাড়া করতে চান না নিগার। নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে নিউ জিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। অধিনায়ক নিগারের কণ্ঠে ফুটছে সেই আত্মবিশ্বাসের জয়গান।

নিগার বলেন, 'আমরা এই বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চাই। কারণ এটা আমাদের প্রথম বিশ্বকাপ। নিজেদের সেরাটা দিতে চাই এখানে। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা আমার কাজটা সহজ করে দেয়। তারা জানে, আমার দলে তাদের কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মূল ম্যাচে কী করতে হবে সেটাও তাদের জানা। আমার মনে হয় অনেক তরুণ খেলোয়াড় আছে যারা ভালো করেছে কয়েক মাসে। অনেক অলরাউন্ডার আছে, তারা শেষ টুর্নামেন্টে ভালো ছাপ রেখেছে। আশা করি, মূল ম্যাচে আমরা ভালো করব।'

৫ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ লড়াই। তার আগে লিংকনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ও ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে।

নিগার বলেন, 'আগে যেমনটা বললাম, আমরা সব প্রস্তুতি এখানে নিয়ে নিতে চাই। আমাদের বিশ্বকাপের সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে হবে। আপনি যদি আমাদের স্কোয়াড দেখেন, অনেক অভিজ্ঞ ও তরুণ আছে, যারা অতীতে ভালো করেছে। আমরা প্রস্তুতি ম্যাচের সব সুযোগ নিতে চাই যেটা মূল ম্যাচে কাজে লাগাতে পারব।'

'আমার মনে হয় এটা আমাদের সবার জন্য বড় সুযোগ। আপনারা যেমন দেখেছেন, আমরা এটার জন্য অনেক কষ্ট করেছি। আমাদের প্রথম বিশ্বকাপ এটা, আমার মনে হয় এখানে যদি আমরা ভালো করতে পারি। এটা বাংলাদেশ ক্রিকেটে দারুণ প্রভাব রাখবে।'- আরো যোগ করেন নিগার।