রাজনীতি

‘নির্দেশ পালন ছাড়া কোনো ভূমিকা থাকবে না ইসির’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসি গঠন হলেই কী আর না হলেই কী। এই নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে প্রধানমন্ত্রীর অধীনে। তাছাড়া নির্বাচন তো পরিচালনা করবেন ডিসি-এসপিরা। নির্দেশ পালন করার বাইরে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা থাকবে না।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পন শেষে এ কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ সময় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী নতুন যে নির্বাচন কমিশন গঠন করেছেন সেটা তো প্রধানমন্ত্রীর নিজস্ব কমিশন। কেবল নির্দেশ পালন করার বাইরে তাদের তো কোনো ভূমিকা থাকবে না। কারণ ভোট তো তারা করবে না। ভোট করবে ডিসি-এসপিরা।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও তারা তো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। প্রশাসন ক্যাডারের সিনিয়রদের দিয়ে কমিশন হয়েছে।  মূলত যাদের চিন্তা-চেতনা আওয়ামী রঙে রঙিন তাদের দিয়েই কমিশন গঠন করা হয়েছে। সুতরাং এই নির্বাচন কমিশন হলো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন।

রিজভী বলেন, আজ যদি সত্যিকারের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় থাকতো তাহলে এসব হতো না। বাজার তো সব সরকারের বিভিন্ন সিন্ডিকেটের লোকজন নিয়ন্ত্রণ করছে। সব জায়গায় তাদের লোক লাগিয়ে রাখা হয়েছে জনগণকে শোষণ করার জন্য।

এ সময় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব মো. আবদুর রহিম, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনেট এবং ঢাকা মহানগর নেতা মো. গিয়াসউদ্দিন, মঞ্জুর রহমান ভূঁইয়া, সায়েম উদ্দিন সিয়াম, আবু কউসার, আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।