অস্ট্রেলিয়ান লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন গেল সপ্তাহে ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান। মৃত্যুর ছয়দিন পর তার মরদেহ শুক্রবার অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হবে তার অন্তেষ্টিক্রিয়া। জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে থাকা ডেভিড ওয়ার্নার জানিয়েছেন তার শৈশবের হিরো ওয়ার্নের অন্তেষ্টিক্রিয়ায় তিনি অবশ্যই অংশ নিবেন।
ওয়ার্নার বলেন, ‘এখনো আমি বিশ্বাস করতে পারছি না। তার মৃত্যুর খবর শোনার পর মনে হয়েছিল কেউ মজা করছে। তার অন্তেষ্টিক্রিয়ায় অবশ্যই আমি অংশ নিবো। এটা সবার জন্যই বেশ আবেগঘন মুহূর্ত হবে। অনেক মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে শ্রদ্ধা জানাবে। কারণ, তিনি বিভিন্ন সময়ের, বিভিন্ন দেশের লাখ লাখ মানুষের হৃদয় জয় করতে পেরেছেন।’
‘আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাসার ওয়ালে তার ছবি ছিল। আমি তার মতো হতে চেয়েছিলাম। তিনি ছিলেন আমার শৈশবের হিরো।’
এমসিজিতে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করার পর পারিবারিক সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে শেন ওয়ার্নকে।