সারা বাংলা

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। 

ঢাকা থেকে রংপুরগামী একতা এক্সপ্রেসের যাত্রী ইকবাল হোসেন বলেন, সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর পর্যন্ত মাত্র ১০ কিলোমিটার সড়ক অতিক্রম করতে পেড়েছি। স্ত্রী-সস্তানদের নিয়ে যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এক লেন দিয়েই ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে উভয় লেনে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।