থাইল্যান্ডে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল শেন ওয়ার্নের। ৪ মার্চ তার আকস্মিক মৃত্যুতে কেঁদেছে পুরো ক্রিকেট বিশ্ব। মেলবোর্নে তার পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়ায় দেখা গেল আরো আবেগঘন দৃশ্য।
পরিবার, কাছের বন্ধু ও সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন মেলবোর্নের সেন্ট কিলডা ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়ায়। ৫২ বছর বয়সীর শবযাত্রায় উপস্থিত ছিলেন তার প্রাক্তন স্ত্রী সিমোন ক্যালাহান এবং তিন সন্তান ২৫ বছরের ছেলে জ্যাকসন এবং ২৪ ও ২০ বছর বয়সী মেয়ে ব্রুক ও সামার।
চিরঘুমে চলে যাওয়া বাবার কফিনে জ্যাকসন ভালোবেসে চুমু দেন, যা আবেগী করে তুলেছিল পুরো পরিবেশকে। পেছনে বাজছিল টিনা টার্নারের ক্লাসিক গান দ্য বেস্ট।
ওয়ার্নের কফিনে বাঁধা ছিল তার প্রিয় ক্লাব সেন্ট কিলডা সেইন্টসের স্কার্ফ। ছেলে জ্যাকসন, ওয়ার্নের ভাই জ্যাসন ও আরো কয়েকজন কাঁধে বহন করছিলেন স্পিন জাদুকরের কফিন।
অন্ত্যেষ্টিক্রিয়ায় এসে কান্নায় ভেঙে পড়েন তার ছোট মেয়ে সামার। বড় মেয়ে ব্রুকের চোখে ছিল সানগ্লাস, তার চোখেও ছিল অশ্রু।
শেষ বিদায়ের ব্যক্তিগত আয়োজনে ছিলেন ৮০ জন অতিথি। অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার ও মাইকেল ক্লার্ক ছিলেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। বোলিং গ্রেট মার্ভ হিউজেস ও গ্লেন ম্যাকগ্রা এবং ওয়ার্নের দীর্ঘদিনের সতীর্থ মার্ক ওয়াহ ও ইয়ান হিলিও ছিলেন।
ওয়ার্নের কাছের বন্ধু এডি ম্যাকগুইরে প্রশংসাসূচক বক্তব্য রাখেন। অতিথিদের ড্রেস কোড ছিল কালো পোশাকের সঙ্গে সেন্ট কিলডার স্কার্ভ।
শেষ দিকে এসে শ্যাম্পেইন টোস্ট করা হয়, ম্যাকগুইরে সবাইকে গ্লাস উঁচু করে তিনবার চিয়ার্সের আহ্বান জানান। সবাইকে বলতে শোনা যায়, ‘ওয়ার্নিকে, এক কথায় সে ছিল সেরা।’
ওয়ার্নকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানো হবে ৩০ মার্চ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া এই অনুষ্ঠানে অংশ নিবেন লাখ লাখ ভক্তরা। মাঠের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নামকরণও করা হবে তার নামে।