বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি অব্যাহত আছে। এ কর্মসূচির আওতায় ২৬ মার্চ পর্যন্ত সারা দেশে ২২ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ২৯৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা পেয়েছেন ১২ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার ১২৩ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৩১ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৭৪ লাখ ৮১ হাজার ১৪৪ জন।
রোববার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৫৯ হাজার ৫৩৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৮৮৫ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৮১ হাজার ৩৩২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুস্টার ডোজ নিয়েছেন ৫৮ হাজার ৩২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সর্বশেষ শনিবার পর্যন্ত সারা দেশে টিকা দেওয়া হয়েছে ২২ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ২৯৮ ডোজ। টিকার জন্য নিবন্ধন করেছেন ৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করেছেন ৯ কোটি ২ লাখ ৪২ হাজার ৫২২জন, পাসপোর্টের মাধ্যমে ১৫ লাখ ২৩ হাজার ১৩৯ জন ও জন্মসনদের মাধ্যমে ৬৪ লাখ ৬০ হাজার ১৯ জন।
প্রসঙ্গত, দেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারিভাবে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।