মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. জুয়েল (৩০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ফকিরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এতথ্য নিশ্চিত করেছেন।
নিহত জুয়েল একই ইউনিয়নের দক্ষিণ চরমশুরা ফকিরকান্দি এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে।
ওসি আবু বক্কর বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
নিহতের চাচাতো ভাই মো. হারুন ফকির অভিযোগ করে বলেন, ‘কিছুদিন ধরেই মেম্বার মন্টু দেওয়ান ও তার লোকজনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব চলছিল। তারা প্রায়ই আমাদের লোকজনদের হুমকি দিত।’
তিনি আরো বলেন, ‘ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয় জুয়েল। এ সময় প্রতিপক্ষের লোকজন জুয়েলকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর তারা লাশ ফেলে পালিয়ে যায়।’
এ বিষয়ে জানতে মন্টু মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বর্তমানে আমি ঢাকায় আছি। এ হত্যার ব্যাপারে আমার কিছুই জানা নেই। তারা নিজেরাই হত্যা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’