২০২২ এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ বুধবার থেকে। যা চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। তবে অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত।
বুধবার (১৩ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আজ থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এ পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ মে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।
রেজিস্ট্রেশন ফি: বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ হিসেবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে।
কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।
রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের এক থেকে চারটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এজন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।