খেলাধুলা

হেরাথের পরামর্শ পেলেন নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডেই ছিলেন না। মেহেদী হাসান মিরাজের অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে ভাগ্য খোলে নাঈম হাসানের। অনুশীলনে নেমেই ঘাম ঝরিয়েছেন এই স্পিনার। তাকে নিয়ে কাজ করেছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। দিয়েছেন পরামর্শও।

সোমবার (৯ মে) অনুশীলনের পর নাঈম বলেন, ‘টেস্টে একটা জায়গায় লম্বা সময় বোলিং করতে হয়। তিনি বলছিলেন, ওই জায়গায় ধৈর্য রেখে বল করতে হবে। সোহেল স্যারদের সঙ্গে কাজ করেছি, এটা নিয়েও তার সঙ্গে কথা হয়েছে। জিজ্ঞেস করলেন, কী কী কাজ করেছি।’

২০১৮ সালের নভেম্বরে অভিষেক হয় নাঈমের। ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করেন এই স্পিনার। সর্বকনিষ্ঠ স্পিনার হিসেবে গড়েন ৫ উইকেটের রেকর্ড। অভিষেকের প্রায় চার বছর হলেও নাঈমের টেস্ট অভিজ্ঞতা মাত্র ৭ ম্যাচের।

সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দলের কম্বিনেশন, ইনজুরি সবকিছু মিলিয়ে নাঈম সুযোগ পাননি। এবার নিজের শহরেই তার সামনে প্রত্যাবর্তনের সুযোগ।

নাঈম বলেছেন, ‘আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আবার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বড় ভাইদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে খুব ভালো লাগে। ওদের থেকে অনেক কিছু শেখা যায়। এখানকার পরিবেশও খুব ভালো।’

বোলিংয়ের পাশাপাশি নাঈম ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চান। তার সঙ্গে মিরাজের বড় পার্থক্য বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও বেশ পারদর্শী। নাঈমেরও নজর সেদিকেই।

তিনি বলেন, ‘ব্যাট হাতে নিয়ে নামলে নিজেকে ব্যাটসম্যান মনে করি, যতটা পারি দলে অবদান রাখার চেষ্টা করি।’

সাগরিকার পাড়ে প্রথম দিনের অনুশীলন ঠিকঠাকভাবে করতে পারেনি বাংলাদেশ। বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ৩ ঘণ্টার অনুশীলন শেষ হয় দেড় ঘণ্টাতেই।