দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে ভবিষ্যতে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘এডিবি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
সোমবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) সিঝিন চেনসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
সোমবার রাতে অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, এডিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল মনমোহন প্রকাশ ও কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে, বিশেষ করে করোনার ক্ষতিকর প্রভাব থেকে উত্তরণে দ্রুততার সঙ্গে বাংলাদেশকে সহায়তা করার জন্য এডিবিকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।
এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এডিবি এ পর্যন্ত বাংলাদেশকে ২৭ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। করোনাভাইরাস প্রভাব থেকে উত্তরণের লক্ষ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা, কোভিড-১৯ রেসপন্স এমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রকল্পের আওতায় স্বাস্থ্য খাতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ও টিকা কেনার জন্য ৯৪০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ, ৯.৩৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসৃজন, অভিবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার জন্য এডিবিকে ধন্যবাদ জানান তিনি। উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সহযোগিতা করতে এডিবির প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী।
এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেছেন, করোনা মহামারি কাটিয়ে উঠে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারের ক্ষেত্রে এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। ভবিষ্যতেও সব সময় বাংলাদেশের পাশে থাকবে এডিবি।
উল্লেখ্য, বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, পানিসম্পদ, কৃষি, স্থানীয় সরকার, শিক্ষা, পরিবহন, জ্বালানি, সুশাসন, আর্থিক এবং বেসরকারি খাতকে প্রাধান্য দেয়।