জাতীয়

চাল মজুত কর‌ছে কি না, দে‌খে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাজার দে‌খে চা‌ল মজুত কর‌ছে কিনা— পর্যবেক্ষণ করে দ্রুত ব‌্যবস্থা নেওয়ার নি‌র্দেশনা এসেছে ম‌ন্ত্রিসভার বৈঠক থেকে। এ ছাড়া বোরো মৌসুমে যেন চালের দামের ঊর্ধ্বগতি রোধ করা যায়— সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়।

সোমবার (৩০ মে) অনু‌ষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকা‌লে অনু‌ষ্ঠিত বৈঠকে সভাপ‌তিত্ব ক‌রেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবা‌দিক‌দের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বাজার দেখে কারা চাল মজুত করছে, সেটা দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে মন্ত্রিসভা।’

সচিব জানান, চাল ও তেল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মার্কেট সার্ভে করে দ্রুত অ্যাকশনে যেতে বলা হয়েছে। তেলের মতো চাল ইস্যুতেও অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। মজুত করলে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে বাণিজ্য, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।