সারা বাংলা

কবিরাজের কথায় হারানো যৌবন ফিরে পেতে মানুষ খুন 

কথিত কবিরাজের পরামর্শে ‘হারানো যৌবন’ ফিরে পেতে নকিম উদ্দীন মোল্যাকে (৬০) হত্যা করেন লিটন মালিথা (৪০)। একটি পুরুষাঙ্গ, অণ্ডকোষ এবং একটি চোখের মণি জোগাড় করতে পারলেই লিটন ‘অনন্ত যৌবনের’ অধিকারী হবেন কবিরাজের এমন আশ্বাস পাওয়ার পরেই লিটন পরিকল্পনা অনুযায়ী এই হত্যাকাণ্ড ঘটায়। 

দুই দিন অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে কবিরাজ আবদুল বারেক (৬২) এবং মানিকগঞ্জের ঘিওরের চড় বাইলজুরী থেকে লিটন মালিথাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লিটন মালিথার কাছ থেকে মৃতের পুরুষাঙ্গ, অণ্ডকোষ এবং একটি চোখ উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান। 

আবদুল বারেক চুয়াডাঙ্গার দামুড়হুদার মোজাম্মেল হকের ছেলে। লিটন মালিথা একই জেলার সদর থানার মোহাম্মদ জুমা গ্রামের হানিফ মালিথার ছেলে।

প্রেস ব্রিফিং-এ সাইফুল ইসলাম জানান, লিটন মালিথা দীর্ঘদিন যৌন দুর্বলতায় ভুগছিলেন। এ জন্য স্থানীয় কবিরাজ আবদুল বারেকের শরণাপন্ন হন তিনি। কিন্তু চিকিৎসায় ফল ভালো হচ্ছিল না। এক পর্যায়ে কবিরাজ লিটনকে একটি পুরুষাঙ্গ, অণ্ডকোষ ও একটি চোখের মণি জোগাড় করতে পারলে অনন্ত যৌবনের আশ্বাস দেন। এরপর থেকেই লিটন হারানো যৌবন ফিরে পেতে জিনিসগুলো সংগ্রহের উপায় খুঁজতে থাকেন। এক সময় ধান কাটার শ্রমিক সেজে তিনি যশোরের বাঘারপাড়ার পাইকপাড়া গ্রামে কাজ নেন। এখানেই তিনি আরেক কৃষি শ্রমিক নকিম উদ্দীনকে হত্যা করে তার অঙ্গগুলো সংগ্রহ করেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে মানিকগঞ্জ চলে যান। 

সাইফুল ইসলাম বলেন, গত ২৬ মে বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে ধানকাটার শ্রমিক হিসেবে লিটনের সঙ্গে নকিম উদ্দিনের পরিচয় হয়। তিনি একই উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্যার ছেলে। ২৯ মে রাতে তাকে টার্গেট করে কবিরাজের সঙ্গে লিটন মুঠোফোনে যোগাযোগ করেন। এরপর কবিরাজের নির্দেশেই তিনি নকিম উদ্দিনকে খুন করে অঙ্গগুলো নিয়ে পালিয়ে যান। 

এ ঘটনায় বাঘারপাড়া থানায় গত মঙ্গলবার (৩১ মে) মামলা হয়। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে মাঠে নামে যশোর ডিবি পুলিশ। পরদিন ডিবি পুলিশের একজন সদস্য ধান কাটার শ্রমিক সেজে ঘিওর থানা পুলিশের সহায়তায় সেখান থেকে লিটনকে আটক করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানায় যশোর ডিবি পুলিশ।