চট্টগ্রামের হাটহাজারীতে ওয়ালিদ নামে সাড়ে তিন বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ জুন) উপজেলার পূর্ব শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশু ওয়ালিদের বাবা মধ্যপ্রাচ্য প্রবাসী। শিশুটি তার মা ও দাদীর সঙ্গে পূর্ব শিকারপুর গ্রামে বসবাস করত। বুধবার দুপুরে ওয়ালিদকে ঘরে রেখে মা ইসরাত জাহানসহ বাড়ির অন্য সদস্যরা পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়।
গোসল শেষে বাড়ি ফিরে তারা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এসময় শিশুর মায়ের আর্ত চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসে। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মাহাবুব আলম বলেন, ‘শিশু ওয়ালিদকে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করা হয়েছে। লাশের সুরতহালে দেখা গেছে- গলা, বুক, পেটসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
শিকারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘শিশুটি এখনো কথা বলতে শেখেনি, তার সঙ্গে কারো শত্রুতা থাকতে পারে না। ওয়ালিদ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি।’