খেলাধুলা

বাবর একা ১১৯, বাকি সবাই মিলে ৯৯

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১৪৮ রানে নবম উইকেট হারায় পাকিস্তান। স্বাগতিকরা ধরেই নিয়েছিল দ্রুতই তাদের আউট করতে পারবে। কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ান অধিনায়ক বাবর আজম।

নাসিম শাহকে সঙ্গে নিয়ে এরপর ৩০.৫ ওভার ব্যাট করেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। দশম উইকেটে নাসিমকে নিয়ে দলীয় সংগ্রহে যোগ করেন ৭০ রান। দলীয় ২১৮ রানে ব্যক্তিগত ১১৯ রানে আউট হন বাবর। তবে নাসিম অপরাজিত থাকেন ৫ রানে। যা তিনি করেন ৫২ বল খেলে। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি যোগ্য সহায়তা দেন বাবরকে।

পাকিস্তানের ২১৮ রানের মধ্যে বাবর একাই করেছেন ১১৯ রান। আর বাকিরা সবাই মিলে করেছেন ৯৯ রান। পাকিস্তানকে অলআউট করে শ্রীলঙ্কা লিড নেয় ৪ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। তাতে মোট লিড হয়েছে ৪০ রানের।

ক্রিজে আছেন অশাদা ফার্নান্দো (১৭) ও কাসুন রাজিথা (৩)। তারা দুজন আগামীকাল সোমবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। মোহাম্মদ নাওয়াজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে (১৬)।

তার আগে ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলে প্রথম দিন শেষ করা পাকিস্তান শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণি জাদুর চক্করে পড়ে। বিশেষ করে প্রভাত জয়সুরিয়ার। আজ ২৪ রানেই আজহার আলীর (৩) উইকেট হারায় তারা। ৬৪ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এ সময় ১৯ রান করে ফিরেন মোহাম্মদ রিজওয়ান। ৭৩ রানে ফিরেন অভিষিক্ত আঘা সালমান। তিনি ৫ রানের বেশি করতে পারেননি।

এরপর দলীয় ৮৫ রানে মোহাম্মদ নাওয়াজ ও শাহীন আফ্রিদি আউট হন যথাক্রমে ৫ ও শূন্যরানে। ১১২ রানের মাথায় ইয়াসির শাহ ফেরেন ১৮ রান করেন।

আসা-যাওয়ার মিছিলে একপ্রান্তে থিতু হয়ে থাকেন বাবর। নবম উইকেটে হাসান আলীকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন। ১৪৮ রানের মাথায় হাসান ফিরেন ১৭ রান করে। আর দশম উইকেটে নাসিমকে নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি তোলেন ৭০ রান। তাতে পাকিস্তান ২১৮ রান পর্যন্ত যেতে পারে।

বল হাতে শ্রীলঙ্কার প্রভাত জয়সুরিয়া ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মাহিশ থিকসানা ও রামেশ মেন্ডিস।