জাতীয়

রেলের অব্যবস্থাপনা: রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন

রেলের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কমিটি গঠনের চিঠিতে বলা হয়, মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার দাবিসমূহ বাস্তবায়নে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। ওই কমিটির সুপারিশসহ একটি প্রতিবেদন সাত দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

এর আগে ২০ জুলাই মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে খোঁজ নিতে বলেন হাইকোর্ট। একইসঙ্গে কমলাপুরে মহিউদ্দিন রনির অবস্থানের কারণ সম্পর্কে জানতে চান।

অব্যবস্থাপনা দূর করার দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে কমলাপুর রেল স্টেশনে দুই সপ্তাহ ধরে অবস্থান করেন রনি।

রনির অভিযোগ, গত ১৩ জুন তিনি ঢাকা-রাজশাহীর ট্রেনের তিনটি টিকিট কাটতে চেয়েছিলেন। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও টিকিট পাননি। টাকা ফেরত না পেয়ে রেল ও টিকিট বিক্রির অপারেটর সহজ-সিনোসিস-ভিনসেন্ট জেভির কাছে ধরণা দিয়েও লাভ হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ দিয়েও ওই সময় প্রতিকার পাননি। তাই গত ৭ জুলাই থেকে ৬ দফা দাবিতে আন্দোলনে নামেন।