খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ চূড়ান্তের অপেক্ষা

কখন হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র? কারা থাকছে? কীভাবে হবে ড্র? কে কোন দলের মুখোমুখি হতে যাচ্ছে, তা জানা যাবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতেই।

বুধবার সন্ধ্যায় চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের শেষ তিন দল চূড়ান্ত হয়েছে প্লেঅফের খেলা শেষে। ডায়নামো জাগরেব, এফসি কোপেনহেগেন ও রেঞ্জার্স মূল পর্ব নিশ্চিত করেছে।

ড্রয়ের চারটি পট নির্ধারণ হয়ে গেছে। ইউরোপের শীর্ষ ছয়টি লিগের চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শিরোপাধারী আছে এক নম্বর পটে। রিয়াল চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা- দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ায় এই পটে জায়গা পেয়েছে ডাচ লিগের সেরা আয়াক্স। দুই থেকে চার নম্বর পট নির্ধারিত হয়েছে উয়েফার ক্লাব কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিং মেনে।

কোথায় ও কখন ড্র?

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় তুরস্কের ইস্তানবুলে হ্যালিক কংগ্রেস সেন্টারে হবে ড্র ও পুরস্কার অনুষ্ঠান। চার দলের আটটি গ্রুপে ভাগ করা হবে ৩২ দলকে। এই ড্রয়ের আগে ঘোষণা করা হবে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় কে- লড়াইয়ে আছেন করিম বেনজেমা, থিবো কোর্তোয়া ও কেভিন ডি ব্রুইনা।

কোথায় দেখবেন?

এই অনুষ্ঠান সরাসরি দেখাবে টিভি চ্যানেল সনি টেন ২। সরাসরি সম্প্রচারিত হবে উয়েফার ওয়েবসাইটেও (www.uefa.com)।

ড্রতে কোন পটে কারা:

পট-১: রিয়াল মাদ্রিদ (চ্যাম্পিয়ন), আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন), ম্যানচেস্টার সিটি, এসি মিলান, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই, এফসি পোর্তো, আয়াক্স।

পট-২: লিভারপুল, চেলসি, বার্সেলোনা, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, আরবি লাইপজিগ, টটেনহ্যাম হটস্পার।

পট-৩: বরুশিয়া ডর্টমুন্ড, এফসি সলজবুর্গ, শাখতার দোনেৎস্ক, ইন্টার মিলান, নাপোলি, বেনফিকা, স্পোর্তিং সিপি, বায়ার লেভারকুসেন।

পট-৪: রেঞ্জার্স, ডায়নামো জাগরেব, মার্শেই, এফসি কোপেনহেগেন, ক্লাব ব্রুগ, সেলটিক, ভিক্টোরিয়া প্লজেন, মাক্কাবি হাইফা।

যেভাবে হবে ড্র:

৩২ দলকে আটটি গ্রুপে ভাগ করা হবে, প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল। একই অ্যাসোসিয়েশন মানে একই দেশের দুটি ক্লাব একই গ্রুপে খেলবে না। যেমন ইংল্যান্ডের দুটি ক্লাব ‘এ’, ‘বি’, ‘সি’ অথবা ‘ডি’ গ্রুপে সুযোগ পেলে বাকি দুটি ক্লাব স্বয়ংক্রিয়ভাবেই ‘ই’, ‘এফ’, ‘জি’ অথবা ‘এইচ’ গ্রুপে পড়বে।

চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ গ্রুপ পর্ব শুরু কবে?

৬ ও ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার শুরু হবে গ্রুপের প্রথম ধাপ। গ্রুপ পর্বের খেলা হবে মোট ছয় সপ্তাহ। শেষ ধাপ হবে ১ ও ৯ নভেম্বর মঙ্গলবার ও বুধবার।