জাতীয়

‘প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘মানুষই প্রকৃতিকে ধ্বংস করছে। ঢাকা শহরের গাছপালা কেটে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হচ্ছে। অবশিষ্ট যে অল্পকিছু গাছপালা আছে, সেগুলো আর কাটা যাবে না। কিছুদিন আগেও বনানীতে গাছপালা কেটে ভবন নির্মাণ করতে দেখা গেছে। সিটি করপোরেশন থেকে সে নির্মাণকাজ বন্ধ করার পদক্ষেপ নিয়েছি। সবাইকে অনুরোধ করব, দয়া করে কেউ ঢাকা শহরের গাছপালা কাটবেন না।’

রোববার (২৮ আগস্ট) দুপুরে আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন: কল ফর ট্রান্সফরমেটিভ চেঞ্জেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসির মেয়র বলেন, ‘ওয়াসা থেকে খালগুলো বুঝে পাওয়ার পর আমরা সেগুলো উদ্ধারে কাজ করে যাচ্ছি। বছিলায় লাউতলা খালে অবৈধ ট্রাকস্ট্যান্ড ছিল, বহুতল মার্কেট ছিল, সেগুলো উচ্ছেদ করে আমরা সেই খাল উদ্ধার করেছি। সেই খালে এখন নৌকা চলছে। পরিষ্কার করতে গিয়ে আমরা খাল থেকে জাজিম, বস্তা, ডাবের খোসা, পুরনো টেলিভিশন, চেয়ার, টেবিলসহ এমনকিছু নেই যা পাইনি। এভাবে খালগুলো নোংরা হচ্ছে এবং ভরাট হচ্ছে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।’

প্রকৃতির বিরূপ আচরণের জন্য মানুষই দায়ী, উল্লেখ করে মেয়র বলেন, ‘ময়লা ফেলে, পয়ঃবর্জ্য ফেলে ঢাকা শহরের খালগুলোকে দূষিত করা হয়েছে। খালগুলোতে এখন আর মাছের চাষ করা যায় না, বরং মশার চাষ হয়। প্রকৃতিকে ধ্বংস করার কারণে, দূষণের ফলে প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে।’

তিনি বলেন, ‘সবাই যদি নিজেদের বাড়িতে অ্যাট সোর্সে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে পারি, তাহলে শহরের পরিবেশ ঠিক থাকবে, খালের পানিও পরিষ্কার থাকবে। পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’

আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন ডেভেলপার কোম্পানি বালু দিয়ে ভরাট করে অনেক খাল বেদখল করেছে। প্লট বিক্রির সময় তারা নকশায় খেলার মাঠ ও বাজার দেখিয়েছে। জায়গার দাম বাড়ায় তারা খেলার মাঠ ও বাজারও প্লট আকারে বিক্রি করেছে। আমরা রাজউকের সাথে আলাপ করেছি। রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী সেই মাঠ ও বাজার উদ্ধার করব। জনগণকে এগুলো ফিরিয়ে দিতেই হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরকে বাঁচাতে হলে পরিবেশদূষণ কমাতে হবে। শহরে স্কুল বাস চালু করতে হবে। এর ফলে প্রাইভেট গাড়ির ব্যবহার কমে যাবে। স্কুল বাস সার্ভিস চালু হলে পরিবেশদূষণ কমবে, যানজট কমবে এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে।’

আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম।