রাজনীতি

রওশন এরশাদের বদলে জিএম কাদেরকে বিরোধী নেতা করতে স্পিকারকে চিঠি

রওশন এরশাদের বদলে জিএম কাদরকে বিরোধী দলীয় নেতা করতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত ২৩ জন সংসদ সদস্য। ওই চিঠিতে রওশন এরশাদ, সেলিম ওসমান ও সাদ এরশাদের সাক্ষর নেই।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিকালে চিঠিটি স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এই চিঠি জমা দেন।

বৃহস্পতিবার রাতে মুজিবুল হক চুন্নু চিঠি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী নেতা করতে আমরা স্পিকারকে চিঠি দিয়েছি। দেশের বাইরে থাকার কারণে সেলিম ওসমানের স্বাক্ষর নেওয়া হয়নি। তবে, এ বিষয়ে তার সম্মতি আছে। জাতীয় পার্টির ২৬ জন সংসদ সদসের মধ্যে ২৩ জন সংসদ সদস্য স্বাক্ষর করেছেন। আমরা এখন স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

জাতীয় পার্টির মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন—দলের সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, ফখরুল ইমাম এমপি, আদেলুর রহমান আদেল এমপি ও নাজমা আখতার এমপি।

এর আগে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা হয়। বিরোধী দলীয় নেতার অনুপস্থিতিতে উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম, ফখরুল ইমামসহ ২৩ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘদিন বিদেশে চিকিৎসাধীন রওশন এরশাদকে বাদ দিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রস্তাবটি স্পিকারকে চিঠি দিয়ে জানানোর সিদ্ধান্ত হয় বৈঠকে।

জানা গেছে, স্বাস্থ্যগত বিষয় দেখিয়ে রওশন এরশাদকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব দেওয়া হলেও মূলত এক দিন আগে দলের পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকায় ক্ষুব্ধ হন দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। তার নির্দেশেই দলের সংসদীয় কমিটির বৈঠক ডেকে রওশন এরশাদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।