খেলাধুলা

ছাদখোলা বাসে ঋতুপর্ণার মাথায় আঘাত, লেগেছে তিন সেলাই 

ছাদখোলা বাসে আনন্দ যাত্রার সময় মাথায় আঘাত পেয়েছেন সাফ চ্যাম্পিয়ন ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

রাজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম। তিনি বলেছেন, ‘সে মাথায় একটু ধাক্কা খেয়েছে। আমরা তাকে বাস থেকে নামিয়ে আলাদা গাড়ি (অ্যাম্বুলেন্সে) করে চিকিৎসা দিয়ে বাফুফে ভবনে নিয়ে এসেছি। এখন সে ঠিক আছে।’

জানা গেছে, রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা । এরপর বাস থেকে তাকে নামিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় তিনটি সেলাই লেগেছে। এরপর সিএমএইচ থেকে তাকে বাফুফে ভবনে নিয়ে আসা হয়।

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ ঢাকায় ফেরে দুপুর ১টা ৪৫ মিনিটে। সেখানে তাদের অভ্যার্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি দল। সেখান থেকে ছাদখোলা বাসে করে মেয়েরা বাফুফে ভবনের দিকে এগোতে থাকেন। সঙ্গে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ছিল দর্শনার্থীদের গাড়িবহর।

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে বেড়ে ওঠা ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন আন্তর্জাতিক পর্যায়ে।