মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সংসদ।
সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার বাবাকে ‘শহীদ’ উপাধি দেওয়ার প্রতিবাদে ঘেরাও কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ‘মুক্তিযোদ্ধা কমান্ড’ এবং ‘মুক্তিযোদ্ধার সন্তান সংসদের’ ব্যানারে চট্টগ্রাম নগরীর গণিবেকারি এলাকায় ‘গুডস হিলের’ সামনে মঞ্চ স্থাপন করে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় প্রতিবাদকারীরা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন ‘গুডস হিলের’ নামকরণ ‘রাজাকার হিল’ করে সাইনবোর্ড লাগিয়ে দেয়।
ঘেরাও কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী সৈয়দ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক রাসেল, সংগঠনের মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব প্রমুখ।