শেষবার সেমিফাইনালে আটকে গিয়েছিল ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার কাছে হেরে হ্যারি কেইনদের পাওয়া হয়নি বিশ্বকাপের ট্রফি। চার বছর পর আবার শিরোপার দৌড়ে ইংল্যান্ড। এবারও তারা শিরোপা জয়ের অন্যতম ফেভারিট। ট্রান্সফার মার্কেটের হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল দল। সেই হিসেবে দলটির জন্য বিশেষ অঙ্ক বোনাস ঘোষণা করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারলে খেলোয়াড় ও কোচিং স্টাফরা ১৩ মিলিয়ন পাউন্ড বোনাস পাবে ফুটবল অ্যাসোসিয়েশন থেকে। ধারণা করা হচ্ছে, কাতার বিশ্বকাপ জিততে পারলে ইংল্যান্ডের প্রতিটি খেলোয়াড় আনুমানিক ৫ লাখ পাউন্ড করে বোনাস পাবে। সঙ্গে আকর্ষণীয় মেডেল তো আছে।
এই বোনাস অবশ্য ফিফার দেওয়া প্রাইজমানির বাইরে। বিশ্বকাপের সোনালী ট্রফি উচিঁয়ে ধরতে পারলে ফিফার থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড পাওয়া যাবে। রানার্সআপ দল পাবে ২৫ মিলিয়ন পাউন্ড।
ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেটের জন্যও বিশেষ বোনাস থাকবে। প্রতিবেদনে এসেছে, ইংল্যান্ড দ্বিতীয় ট্রফি ঘরে তুলতে পারলে সাউথগেট ৩ মিলিয়ন পাউন্ড বোনাস পাবেন। এছাড়া প্রত্যেক খেলোয়াড় নিজ স্পন্সরের থেকেও বোনাস পাবেন।
বোনাস ঘোষণায় অবশ্য ব্রাজিলকে এখন পর্যন্ত ছাড়িয়ে যেতে পারেনি কেউ। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগেদোর জন্য ৩০ মিলিয়ন পাউন্ড বোনাস দেওয়ার কথা বলেছে ব্রাজিল। যার সিংহভাগই দেবে তাদের স্পন্সর নাইকি। এছাড়া অন্যান্য ইউরোপীয়ান দল যেমন, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্সের বোনাসও কাছাকাছি অবস্থানে রয়েছে।