বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার বিগত নির্বাচনের ভোট কারচুপি করে ক্ষমতা এসেছে। কিন্তু এবার আর জনগণ ইভিএম এর নামে ভোট ডাকাতির সুযোগ দেবে না। বিএনপি এদেশে গণতন্ত্র চায় বলে ভোটের অধিকারের জন্য লড়াই করছে।’
শনিবার (২৪ ডিসেম্বর) সরকারের পদত্যাগ, খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে কুমিল্লায় অনুষ্ঠিত গণমিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সময়কার খেতাব নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা কথা বলছেন। আওয়ামী লীগের উচিত দেশের যে কোন কিছু নিয়ে বড়াই করার আগে জিয়াউর রহমানকে একবার করে সালাম জানানো। যে সরকার জনগণের কথায় নির্বাচিত হয় না, সেই সরকারের কাছ থেকে কৃতজ্ঞতাবোধ আশা করা যায় না।’
পরে কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীমউদ্দীন, মহানগর বিএনপি'র আহবায়ক উুতবাতুল বারি আবু, কুমিল্লা মহানগর বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।