চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বলেছেন, ‘তৃণমূলের কর্মীদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি, আওয়ামীলীগের অনেক লোক নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রকারীরা যত বড়ই হোক না কেন, নৌকার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে; তারা জামায়াত-বিএনপির মতো শত্রু হিসেবে গণ্য হবে।’
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খানের কাছে মনোনয়ন জমা দিয়ে কালেক্টরেট চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
আব্দুল ওদুদ বলেন, ‘এই আসনে ২০১৮ সালের নির্বাচনে যারা আওয়ামীলীগের ক্ষতি করেছিলেন, নৌকাকে পরাজিত করেছিলেন, তারা আবারও ষড়যন্ত্র করতে লিপ্ত হয়েছে। এ রকম অভিযোগ আমার কর্মীরা আমাকে দিচ্ছে। অনেক রাঘববোয়াল আছে, যারা আওয়ামীলীগের ক্ষমতা ভোগ করছে, আওয়ামীলীগের নাম ভাঙিয়ে বড় বড় পদে আছে; তাদের মধ্যে কেউ বা কারা এই ষড়যন্ত্রে জড়িত আছে বলে আমার মনে হচ্ছে।’
স্থানীয় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ তুলে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ বলেন, ‘বিগত চার বছরে এমপি থাকায় জেলায় উন্নয়ন হয়নি। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি উন্নয়নের দিকে ফিরেও তাকাননি। এতে চলমান উন্নয়ন বন্ধ হয়ে গেছে। তিনি করোনার মতো দুর্যোগেও জনগণের পাশে ছিলেন না।’
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য এমরান ফারুক মাসুম, শহীদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপুসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির দুই জন সংসদ সদস্য পদত্যাগ করলে আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯০ দিনের মধ্যে এই দুটি সংসদীয় আসনে উপনির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে তফসিলও ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি।