খেলাধুলা

মিয়াঁদাদের মতে ভারতের পাকিস্তানে আসতে না চাওয়ার কারণ

সূচি অনুযায়ী চলতি বছরের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত যেতে রাজি নয়। তারা চায়, সংযুক্ত আরব আমিরাতে হোক এই প্রতিযোগিতা। শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও কোনো সুরাহা হয়নি। এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত আপাতত মার্চ পর্যন্ত স্থগিত। এই প্রসঙ্গে ভারত ও পাকিস্তান ক্রিকেট মহল থেকে চলছে আক্রমণাত্মক বক্তব্য। সবশেষ জাভেদ মিয়াঁদাদ ভেন্যু নির্ধারণে গড়িমসির কারণে ক্ষোভ উগরে দিলেন।

এসিসি প্রধান জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি। সবশেষ বৈঠকে তিনি জানান, এশিয়া কাপ পাকিস্তানে নয়, হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। কারণ ভারত কোনোভাবেই পাকিস্তানে যেতে রাজি নয়। মিয়াঁদাদের রাগ, পাকিস্তানে যেতে আপত্তির কারণে ভারতের বিরুদ্ধে কেন আইসিসি কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তাছাড়া ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজকের অধিকারও পেয়েছে ভারত। সেখানে বিশ্বের শীর্ষ দলগুলো যাবে। এর আগে ভারতের পিঠ প্রদর্শন নেতিবাচক প্রভাব ফেলতে পারে মনে করেন মিয়াঁদাদ। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক বললেন, ‘আমি আগেও বলেছি যে ভারত পাকিস্তানে না আসলে না আসুক, জাহান্নামে যাক। এতে আমাদের কিছুই যায় আসে না। ভারতের আসা নিশ্চিত করার দায়িত্ব আইসিসির। যদি আইসিসি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে গভর্নিং বডি হয়ে লাভ কী?’

মিয়াঁদাদ আরো বলেন, ‘প্রতিটি দলের জন্য একই নিয়ম থাকতে হবে। যতই শক্তিশালী হোক না কেন তাদের সব শর্ত পূরণ করতে হবে। ভারত তো ক্রিকেট চালায় না। তারা শক্তিশারী হতে পারে, কিন্তু সেটা ঘরে, আমাদের কাছে নয়। পাকিস্তানে খেলতে আসো, কেন আসবে না? যদি ভারত পাকিস্তানে হেরে যায়, তাদের জনগণ সেটা সহ্য করবে না। আইসিসির ব্যবস্থা নেওয়া উচিত।’