খেলাধুলা

সকালে ঢাকায় নেমে দুপুরে অনুশীলনে সাকিব

ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দল প্রায় সপ্তাহখানেক ধরে অনুশীলন করছে। তবে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মাঠে আসেন সাকিব। ড্রেসিংরুম থেকে বেরিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে কয়েক মিনিট খুনসুঁটি করে আবার ড্রেসিংরুমে ঢুকে যান।

ড্রেসিংরুম থেকে ইনডোরের নেটে এসে ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করছেন সাকিব। সেখানে আগে থেকেই ব্যাটিং অনুশীলনে আছেন অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএল শেষে সাকিব চলে যান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে। চুক্তি অনুযায়ী পেশওয়ার জালমির হয়ে ৫ ম্যাচ খেলার কথা থাকলেও ১ ম্যাচ খেলেন মাত্র। এরপর পারিবারিক কারণে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে গতকাল রাতে দেশে ফিরে আজ মাঠে এসে নামেন অনুশীলনে। 

এখন তিনি ব্যাটিং করছেন ইনডোরের তিন নম্বর নেটে। এক নম্বর নেটে ব্যাটিং করছেন তামিম। দুজনের ব্যক্তিগত সম্পর্কের অবনতি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে তামিম জানিয়েছেন মাঠে তাদের সম্পর্ক ঠিক, বাইরের সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে চান না।

এদিকে শুরু থেকেই সাকিবের অনুশীলনে যোগ না দেওয়া নিয়ে তামিম বলেছিলেন থাকলে ভালো হতো। তবে পারিবারিক কারণে অনুপস্থিত থাকায় দলের সমর্থন ছিল সাকিবের প্রতি।

সাকিবের না থাকা নিয়ে তামিম বলেছেন, ‘পুরো স্কোয়াড একসাথে থাকা তো খুবই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন সাক্ষাৎকার, প্রেস কনফারেন্সে বলেছি- পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিকেট, প্রফেশন এসবের ওপরে পরিবার। ক্রিকেট আমাদের পেশা, আমরা পেশাদার সবই ঠিক আছে। তবে পরিবারের ব্যাপার আসলে দ্বিতীয় কিছু গুরুত্বপূর্ণ নয়। আমি পুরোপুরি নিশ্চিত না ওর পরিবারের কার কী হয়েছে। তবে আমরা তাকে শতভাগ সাপোর্ট করছি।’