সারা বাংলা

সীমান্ত দিয়ে আসছে বিপুল পরিমাণ গাঁজা. দুই ভাই আটক 

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আসছে বিপুল পরিমাণ গাঁজা। জেলার সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে র‍্যাব।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৯। এর আগে সোমবার বিকেলে আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই ভাইকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন মো. দুলাল মিয়া (৪৬) ও তার ছোট ভাই লোকমান মিয়া (৪২)। এরা জেলার সদর উপজেলার ভাটপাড়া (হাজী বাড়ি) এলাকার মো. আবু শামার ছেলে।

র‍্যাব-৯, হবিগঞ্জ ক্যাম্পের সিপিসি-১ লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়ার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় অভিযানকালে দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত দুটি অটোরিকশা তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

আটক দুই ভাই সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশে এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকে। এরা চিহ্নিত মাদক কারবারি। এদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, ডিএমপি মিরপুর মডেল থানা ও গাজীপুর কাপাসিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।