টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। এতে পিকআপটিতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক জন হলেন সাহেরা খাতুন। বাকি দুই জনের নাম এখনো জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন যাত্রী একটি পিকআপে করে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে ওরশে যোগ দিতে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। নিহতদের বয়স ৪৫ থেকে ৬০ বছর। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে এক জনের লাশ থানায় ও অন্য দুটি লাশ হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।