প্রথম লেগে ৫-২ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। লিভারপুল প্রতিপক্ষের মাঠে ম্যাজিক দেখিয়ে প্রতিশোধ নেবে এমনটাই কল্পনা করা হচ্ছিল। কিন্তু সান্তিয়াগো বার্নাবু্যতে রিয়াল মাদ্রিদকে হারানো চাট্টেখানি কথা না!
যেমন কথা তেমন কাজ। লিভারপুল কোনো ম্যাজিকই দেখাতে পারল না। উল্টো হজম করেছে একটি গোল। ১-০ গোলে দ্বিতীয় লেগ জিতে এবং সবমিলিয়ে ৬-২ গোলে অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেছে বেনজামা, ভিনিসিয়াসরা।
শেষ আটের লড়াইয়ে উঠার শেষ ম্যাচে করিম বেনজামা দলের হয়ে একমাত্র গোলটি করেন। তবে দুই দল অসংখ্য সুযোগ নষ্ট করেছেন। বল দখলে দুই দলই ছিল সমান সমান। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ। কিন্তু গোল পাচ্ছিলেন না কেউ।
ম্যাচের ৭৮ মিনিটে বেনজামা স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান। মাঝমাঠ থেকে কামাভিঙ্গার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে পারেননি বেনজেমা। ভিনিসিয়াস বল পেয়ে ফের এগিয়ে দেন বেনজামাকে। এবার শট নিয়ে গোল করেন ফরাসী তারকা।
এ নিয়ে সর্বশেষ তিনটি চ্যাম্পিয়নস লিগেই রিয়ালের কাছে হেরে বিদায় নিয়েছে লিভারপুল। লিভারপুল কোচ ক্লপও মেনে নিলেন বর্তমান চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্ব, ‘ম্যাচ হারায় আমার রাগ নেই, তবে হতাশা আছে। এই লড়াইয়ে সেরা দল রিয়ালই ছিল।’
রিয়ালের জয়ের রাতে জিতেছে নাপোলিও। তারা প্রথমবার উঠেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। এছাড়া বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান ও ইন্টার মিলান শেষ আটে জায়গা করে নিয়েছে।