সারা বাংলা

দারুস সালামের ‘কিশোর গ্যাং’ নেতা সাভারে গ্রেপ্তার

ঢাকার দারুস সালাম এলাকার আলোচিত কিশোর গ্যাং নেতা তানভীর হোসাইনকে (২৩) সাভার থেকে ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৫ মার্চ) উপজেলার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দারুস সালাম খালেক পাম্পের পাশে তিন কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ৪ মার্চ দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার দায়ে চারজনের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

আহতরা হলেন কৃষি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আরাফাত ইসমাইল আলিফ (১৮), বাংলা কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহমান রায়হান (১৮) ও মিরপুর পলিটেকনিকের ছাত্র তানভীর খান হেমন্ত (২১)। 

র‍্যাব জানায়, গত ৩ মার্চ ভুক্তভোগীরা দারুসসালাম এলাকায় জন্মদিন পালন শেষে ফেরার পথে অভিযুক্ত ও তার গ্যাংয়ের সদস্যদের প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র (চাকু) দিয়ে তিনজনকেই ছুরিকাঘাত করে। এতে আব্দুর রহমান গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পালিয়ে থাকা অভিযুক্তকে ১৪ মার্চ রাতে সাভারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ (সিপিসি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি দারুসসালাম এলাকার চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসেবী বলে জানায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।