হাশমতউল্লাহ শহীদির বল আলতো টোকায় স্কয়ার লেগে পাঠিয়ে দৌড় নাজমুল হোসেন শান্তর। দ্রুতই মুমিনুল হকের সঙ্গে প্রান্ত বদল। হেলমেট খুলে শুন্যে লাফিয়ে ক্ষ্যাপাটে উদযাপনের পর ড্রেসিংরুমের দিকে এঁকে দেন উড়ন্ত চুমু।
মনে হতে পারে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসের শতক উদযাপনের দৃশ্যের কথা বলা হচ্ছে।
কিন্তু না। শান্তর এই উদযাপন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর। প্রথম ইনিংসে ১৪৬ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে মুমিনুল হক প্রথম গড়েছিলেন এমন কীর্তি।
২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হক করেছিলেন দুই ইনিংসে ১৭৬ ও ১০৫। এবার তার একক কৃতিত্বে ভাগ বসালেন শান্ত। দুর্দান্ত ফর্মে থাকা শান্তর অভাবনীয় অর্জনের সময় ক্রিজেই ছিলেন মুমিনুল। সতীর্থকে অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি।
শুক্রবার ৫৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন শান্ত। তার সঙ্গী জাকির ৭১ রানে রান আউট হয়ে ফিরে গেলেও শান্ত ছিলেন অবিচল, দৃঢ় প্রতিজ্ঞ। খারাপ সময় পেছনে ফেলে আসা এ ক্রিকেটার জানেন নিজেকে কোথায় নিয়ে যেতে হবে। তাইতো ধৈর্য দেখিয়ে, দ্যুতি ছড়িয়ে, বিচক্ষণতার পরিচয় দিয়ে এগিয়ে যান সেঞ্চুরির দিকে। শেষমেশ তুলে নেন সেঞ্চুরি।
এই টেস্টের আগে শান্তর ২টি টেস্ট সেঞ্চুরি থাকলেও তা ছিল দেশের বাইরে। আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে ভাস্বর এই টপ অর্ডার ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন ১১৮ বলে ১৮ চারে। দ্বিতীয় ইনিংসে ৩ বল ও ৩ বাউন্ডারি কম মেরে মাইলফলকে পৌঁছান এই ব্যাটসম্যান।
ব্যাট হাতে দারুণ সময় কাটানো শান্ত কতটা আত্মবিশ্বাসী তা বোঝা যাচ্ছে নিয়মিত বড় রানে। শুধু রান-ই করছেন না দলকে এনে দিচ্ছেন জয়ের উপলক্ষ্য। বিরুদ্ধ সময় কাটিয়ে শান্ত এখন অশান্ত হয়ে উঠেছেন তা বলাই তো যায়।