পুলিশের গুলিতে এক কিশোরের নিহতের ঘটনায় উত্তাল হয়ে ওঠেছে ফ্রান্স। এ ঘটনায় ৭৭ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃস্পতিবার (২৯ জুন) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজধানী প্যারিসের শহরতলী নান্টেরেতে একজন পুলিশ কর্মকর্তার গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হলে মঙ্গলবার রাতভর বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল রাতেও শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল যুবক লিলের শহরতলির মনস-এন-বারুউলের টাউন হলের ভেতরে নথি এবং চেয়ারে আগুন ধরিয়ে দিচ্ছে। এছাড়া, যুবকের একটি দল হলের বাইরে অবস্থান করছে।
আরও পড়ুন: ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাৎক্ষণিক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পুলিশের গুলির বিষয়টি অবর্ণনীয় এবং অমার্জনীয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুন ট্রাফিক চেকে গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করায় ১৭ বছরের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়দের কয়েক দফা বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে ওই এলাকা।
জানা গেছে, ২৬ জুন ওই কিশোর এক ভাড়া করা গাড়ি নিয়ে পশ্চিম প্যারিসের শহরাঞ্চলে নঁতের এলাকা সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময়ই বহু রাস্তায় ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে তাকে আটকাতে চায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা গাড়িটিকে থামাতে চেষ্টা করছেন। এক পুলিশ কর্মকর্তা গাড়ির চালকের দিকে অস্ত্র বন্দুক তাক করে আছেন। এরপরই ওই কর্মকর্তা গুলি করেন কিশোরকে। জরুরি বিভাগের লোকজন তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছালেও গুলিবিদ্ধ কিশোর তৎক্ষণাৎ মারা যায়।
গাড়িতে কিশোরসহ আরও দুজন ছিলেন। তাদের মধ্যে একজন পালিয়ে গেলেও অপরজনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ। গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত পুলিশের কর্মকর্তাকেও হত্যা মামলায় আটক করা হয়েছে।