খেলাধুলা

তামিমের শেষ অনুরোধ

নিজের আয়োজনে সংবাদ সম্মেলন। একটা ঘোষণা আসবে তা বোঝাই যাচ্ছিল শেষ দুদিনের গুমোট পরিবেশে। চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে সংবাদ সম্মেলনে যখন ঢুকলেন তামিম ইকবাল, চেহারায় বিষাদের ছায়া।

এমনিতে দারুণ প্রাণবন্ত, চঞ্চল, আমোদপ্রিয় তামিম পুরো ভিন্ন চেহারায়। চোখে ছলছল করছিল জল। যখন কথা শুরু করছিলেন তখন কান্নার দমকে কথা আটকে যাচ্ছিল বারবার। পারলেন না নিজের চোখের জল আটকে রাখতে। চোখ বেয়ে অঝোরে ঝরল অশ্রু।

নিজের অবসরের ঘোষণা দিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কথা বলছিলেন আর কাঁদছিলেন। প্রিয় বাবাকে মনে করে কষ্ট আরও বাড়ছিল তার। তবুও নিজেকে সামলে চোখ মুছে এগিয়ে যান। ১৬ মিনিটের সংবাদ সম্মেলনের শেষটা ছিল সতীর্থদের জন্য। যেখানে তিনি গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ করেন পরবর্তী ক্রিকেটারদের জন্য।

‘একটা অনুরোধ আপনাদের প্রতি। যারা সামনে ক্রিকেট খেলবে আপনারা তাদের কথা ভালো লিখবেন, খারাপ লিখবেন। যা-ই লিখবেন, ক্রিকেটেই সীমাবদ্ধ থাকবেন। সীমানা অতিক্রম করার দরকার নেই। ক্রিকেটের বাইরেও যাওয়ার প্রয়োজন নেই। ক্রিকেটেই স্থির থাকেন। যদি ক্রিকেটার ভালো খেলে তাহলে ভালো লিখেন। যদি খারাপ খেলে তাহলে সমালোচনা করুন। আমি নিশ্চিত আপনারাও জানেন যে, অনেক সময় আপনারা সীমানা অতিক্রমের চেষ্টা করেন। এজন্য অনুরোধ করছি, যারা ক্রিকেট খেলছে...সামনে বিশ্বকাপ আছে। আশা করছি আপনারা দলের পাশে থাকবেন একজন সদস্যের মতো। অনুরোধ করবো, দলকে সমর্থন করার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ।’

তামিম অবসর নেবেন তা হুট করেই সিদ্ধান্ত নেননি। শেষ কয়েকদিন ধরেই তার আশেপাশের পরিবেশ ভালো লাগছিল না। তাই নিজেকে গণ্ডির ভেতরে আটকে না রেখে পরিবার-পরিজনদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছিলেন। পাশে পেয়েছিলেন সতীর্থদেরও। কিন্তু ২২ গজ ছেড়ে আসার এটাই সেরা সময় বলে মনে করছেন তিনি।