রাজনীতি

উন্নয়ন দিয়ে অপপ্রচারের জবাব: প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে দেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে এসবের জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নেতাদের এ আহ্বান জানান।

এ সময় উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, এ সব অপশক্তির বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে। সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে, সেজন্য স্বেচ্ছাসেবক লীগকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়নের প্রচার ও বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে হবে।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্র হরণের জনক, তারাই এ দেশে লুটপাট, হত্যা ক্যু, সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা এ দেশে হ্যাঁ না ভোট ও জালিয়াতি করেছে, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। তারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো গৃহহীন ও ভূমিহীন থাকবে না। প্রতিটি এলাকায় এলাকাভিত্তিক তালিকা করতে বলেন। যদি কেউ গৃহহীন থাকে সে তালিকা দিলে তাদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ দেশের মানুষের ভোটের অধিকার হরণের মধ্য দিয়ে যাদের জন্ম তারা (বিএনপি) আবার জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়, লুটপাট করতে চায়। দেশের মানুষকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, এটা মনে রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। স্বাক্ষরতার হার বাড়িয়েছি, প্রতিটি ঘরে বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাট-ব্রিজ উন্নত করেছি। বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ যা বিশ্ববাসী স্বীকার করে। তবে এটা চোখে দেখে না কারা, ওই সন্ত্রাসী, লুটেরা দুর্নীতিবাজ বিএনপি। এরা চোখে দেখে না।

স্মার্ট দেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, স্মার্ট দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলব, সরকার হবে স্মার্ট সরকার, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সরকার পরিচালনা করব, অর্থনীতি হবে স্মার্ট ইকোনোমি, ডিজিটাল ইকোনোমির সঙ্গে সবকিছু জড়িত। স্মার্ট সমাজ হবে।

স্বেচ্ছাসেবক লীগের উদ্দেশে বলেন, শুধু সংগঠন করলে হবে না, আমরা যে উন্নয়ন করেছি তা মানুষের কাছে তুলে ধরতে হবে। দেশ সেবায় উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। রাজনীতিবিদের ভোগ না মানুষের সেবা ও ত্যাগের মধ্য দিয়েই সবচেয়ে বেশি আনন্দ। এটা সবাইকে মনে রাখতে হবে।

পরে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন স্বেচ্ছাসেবক লীগের  নেতাকর্মীরা। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম  বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে ভারমুক্ত করে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ দায়িত্ব  দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।