রাজনীতি

বিএনপির গুগলিতে আ.লীগ বোল্ড আউট : ফখরুল 

বিএনপির গুগলিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই সমাবেশের আয়োজন করা হয়।    মির্জা ফখরুল বলেন, গুগলিতে ব্যাটসম্যান যেমন কিছু বুঝে ওঠার আগে বোল্ড আউট হয়ে যায়, বিএনপির দুই দিনের কর্মসূচিতে (২৮ ও ২৯ জুলাই) আওয়ামী লীগের অবস্থা একই হয়েছে। বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়েছে। 

তিনি বলেন, গত শনিবার আমরা ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। তাতেই তারা ভয় পেয়ে পুলিশ, জলকামান, সাঁজোয়া যান এবং আ.লীগের সন্ত্রাসীদের রাস্তায় নামিয়ে দিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের মেরেছে, গ্রেপ্তার করেছে এবং মামলা দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, সরকার গয়েশ্বর এবং আমানকে নিয়ে দুর্বল চিত্রনাট্য লিখেছে। তারা ছবি তুলেছে, ভিডিও করেছে; সেসব আবার নেটে ছেড়ে দিয়েছে। মানুষ এখন আর এত বোকা না, তারা সব বোঝে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন থেকে তারা হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারা জানে না, আন্দোলনে রাস্তায় নামা মানুষকে থামানো এত সহজ নয়।

বিএনপির মহাসচিব বলেন, যে সরকার দুই বার প্রতারণা করে, ভোট চুরি করে ক্ষমতায় টিকে আছে; তারাই বলে তাদের অধীনে নির্বাচন করতে। মামা বাড়ির আবদার।

ফখরুল বলেন, এই দেশে নির্বাচন হবে। তবে এই সরকারের অধীনে নয়। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে। তাই দাবি এক দফা, অবিলম্বে এই সরকারের পদত্যাগ। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন এবং তাদের অধীনে নির্বাচন।

মহাসচিব বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে, গ্রেপ্তার করে লাভ হবে না। সব কিছুর শেষ আছে, হিসাব দিতে হবে। আমরা সংবিধান মতো আন্দোলন করছি, আমাদের আন্দোলনে বাধা দেবেন না। তাহলে পালাবার পথ পাবেন না। 

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের নেতাকর্মীরা কাপুরুষ নন। গ্রেপ্তার করেন, লাভ হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না। এই সরকারও টিকে থাকতে পারবে না। হাসিনার গদি চুরমার হয়ে ভেঙে পড়বে। 

সমাবেশে বিএনপির স্থায়ী কমটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন।

এর আগে, বেলা ২টা ৫৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য হাজী মো. ইউসুফ। তীব্র গরম উপেক্ষা করে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। এসময় বিএনপির নেতাকর্মীদের ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে মুখরিত ছিল মৎস্য ভবন, শাহবাগ, কাকরাইলসহ সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।