অবসর ভাঙার পর তামিম ইকবাল জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকের পর নির্ভর করছে তিনি শুধু ক্রিকেটার হিসেবে ফিরবেন নাকি অধিনায়কের দায়িত্বও চালিয়ে যাবেন। লন্ডন থেকে পিঠের পুরোনো চোটের চিকিৎসা নিয়ে ফিরে তৃতীয় দিনে তামিম বৈঠক করলেন বোর্ড প্রধানের সঙ্গে। সেখানে জানান নিজের সিদ্ধান্ত।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের গুলশনাস্থ বাসায় ঘণ্টা খানেকের আলোচনা শেষে তামিম ঘোষণা দেন নেতৃত্ব ছাড়ার। জানান শুধু ক্রিকেটার হিসেবে খেলে যেতে চান। কারণ ব্যাখায় সাবেক অধিনায়ক বলেছেন, তিনি অধিনায়কের দায়িত্ব চালিয়ে গেলে হতো স্বার্থপরের মতো সিদ্ধান্ত।
অধিনায়কত্ব ছাড়ার পেছনে তামিমের সবচেয়ে বড় কারণ ফিটনেস। পিঠের চোট তাকে ভোগাচ্ছে। সামনে কোন ম্যাচ খেলতে পারবেন কোন ম্যাচ পারবেন না তা নিয়ে আছে দোটানা। দুটি বড় প্রতিযোগিতাকে সামনে রেখে দলকে এমন অনিশ্চয়তায় রাখা স্রেফ আত্মঘাতি সিদ্ধান্ত। তাইতো দলের কথা চিন্তা সরে অধিনায়ক অধ্যায়ের ইতি টেনেছেন তিনি।
বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি নেতৃত্ব ছাড়ার পর তামিমের কাঁধেই পাকাপাকি দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে ৩৭ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে জয় এসছে ২১টি, পরাজয় ১৪টি। ফলাফল হয়নি দুই ম্যাচে।
অধিনায়ক হিসেবে তামিমকে সফল বলতেই হবে। নিজেও উপভোগ করেছেন এই সফর, ‘ভ্রমণটা দারুণ ছিল, ফলই কথা বলবে। আমি ভালো করেছি। তবে যদি অধিনায়ক থাকতাম, তাহলে স্বার্থপরের মতো হতো। যারা আমাকে চেনে, (তারা জানে) আমি সব সময় দলকে এগিয়ে রাখি। এটিই আমার হয়ে কথা বলবে।’
আইসিসি ওয়ানডে সুপার লিগে তার অধীনে বাংলাদেশ তৃতীয় স্থানে থেকে শেষ করে। সরাসরি নাম লেখায় বিশ্বকাপে। সবমিলিয়ে বিশ্বকাপ ঘিরে ছিল যার এত স্বপ্ন, কাছে এসে সেটির বিসর্জন দেওয়া কি খারাপ লাগার বিষয় না?
তামিমও অস্বীকার করেননি খারাপ লাগার বিষয়টি, ‘আমার কাছ মনে হয় সবার লক্ষ্যটা একই। একদিকেই তাকিয়ে আছি আমরা, আমি অধিনায়ক থাকি বা অন্য কেউ থাকুক লক্ষ্য একটাই। আমি যদি বলি যে আমি স্যাড না, তাহলে মিথ্যা হবে। কারণ এতদিন একটা দলের সঙ্গে ছিলাম। ৯০ ভাগ মানুষ স্বার্থপর সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন দল সামনে আসে তখন স্বার্থপরের ব্যাপারটা দূরে রাখতে হবে। আমি বিশ্বাস করি আমার এই সিদ্ধান্ত নিঃস্বার্থ।’
নেতৃত্ব ছাড়ার সময় তামিম দিয়ে গেলেন নতুন অধিনায়ককে সহায়তার আশ্বাস, ‘আমি খেললে যদি একাদশে থাকি, তাহলে আমার তরফ থেকে অধিনায়ককে সহায়তা করব।’