বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির মধ্যে আছে শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিল এবং শনিবার (২৬ আগস্ট) দেশের সব মহানগরে গণমিছিল।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
ইতোমধ্যে এক দফা দাবিতে গত শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করেছে বিএনপি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারাও সেদিন এ কর্মসূচি পালন করে।
গত ১২ জুলাই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এর পর থেকে এক দফা দাবি আদায়ে রাজপথে ধারাবাহিকভাবে আন্দোলন করছে দলটি। এসব কর্মসূচিতে সরকারবিরোধী দলগুলো সংহতি জানায়। তারই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ এবং ২৯ জুলাই ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
বিএনপি নেতারা বলছেন, দেশে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির পর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান তারা।
অপরদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন ইস্যুতে দুই বৃহৎ রাজনৈতিক দলের এই বিপরীতমুখী অবস্থান দেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে কিছুদিন ধরে।