যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে দুর্বৃত্তের গুলিতে শেখ আবীর হোসেন (৩৮) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ মা আঞ্জুয়ারা বেগম। তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে মারা যান আবীর।
নিহত আবীরের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় উপজেলায় ঝাঁপাঘাট গ্রামে। তিনি মৃত আজিজুল হকিমের ছোট ছেলে। আবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
রোববার ৩১ (ডিসেম্বর) দুপুরে নিহতের ভাই শেখ জাকির হোসেন বলেন, আবীরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন মা আঞ্জুয়ারা বেগম।
ছেলের ছবি হাতে মা আঞ্জুয়ারা বেগমের আহাজারি
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২০১৪ সালে আবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে স্নাতকোত্তর পাস করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।
আবীরের স্ত্রী সানজিদা আলম মজুমদারের বরাত দিয়ে শেখ জাকির হোসেন আরও বলেন, যুক্তরাষ্ট্রে লামার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী ছিলেন আবির। পাশাপাশি রাতে তিনি টেক্সাসের ক্রিস ফুড মার্ট নামের একটি দোকানে কাজ করতেন। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। তারা সবাই নিউইয়র্ক শহরে বসবাস করেন। আর আবীর থাকতেন টেক্সাসে।
তিনি বলেন, গত শুক্রবার দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় দুই দুর্বৃত্ত আবিরকে গুলি করে। তার মাথায় ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ দেশে নিয়ে আসার জন্য মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হবে।